এইমাত্র পাওয়া

জাবিপ্রবিতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস ও শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জামালপুরঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন পার হলেও এখনো পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়নি। এ ছাড়া শিক্ষক সংকটও দিন দিন প্রকট আকার ধারণ করছে, ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ বলেন, ‘একই সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিপিপি ইতিমধ্যে অনুমোদিত হয়ে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু জাবিপ্রবির ক্ষেত্রে এখনো ডিপিপি অনুমোদন হয়নি। আমরা এখনো টিনশেড ঘরে ক্লাস করতে বাধ্য হচ্ছি। বর্তমানে অধিকাংশ শিক্ষক প্রভাষক পদে রয়েছেন, অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক প্রায় নেই বললেই চলে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণ, ডিপিপি অনুমোদন এবং পর্যাপ্তসংখ্যক শিক্ষক নিয়োগের দাবি জানান। পাশাপাশি দ্রুত এসব সমস্যা সমাধানে পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.