চলতি বছরের অষ্টম শ্রেণির গণিত পাঠ্যবইয়ে বাংলা সাহিত্য বইয়ের দুটি অধ্যায় ঢুকে গেছে। এমন অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজের আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে। গতকাল মঙ্গলবার সরেজমিন ঐ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অষ্টম শ্রেণির ২৬ জন শিক্ষার্থীর গণিত বইয়ে বীজগণিতের সূত্রাবলি ও প্রয়োগ অধ্যায়ের বদলে মাধ্যমিক বাংলা সাহিত্যের তৃতীয় থেকে চতুর্থ অধ্যায়ের ৪১ থেকে ৬০ পৃষ্ঠা পর্যন্ত ছাপা হয়েছে। এটি বই বাঁধাইয়ের ত্রুটি হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আল-আমিন সরকার বলেন, অষ্টম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায়ে বীজগণিতের বদলে বাংলা সাহিত্যের ‘উদ্যম ও পরিশ্রম’ এবং ‘পল্লি সাহিত্যর গল্প’—এ দুটি অধ্যায় ঢুকে গেছে। সূচিতে ওইখানে অঙ্কের যে বিষয়গুলো থাকার কথা, সেগুলো অন্তর্ভুক্ত হয়নি।
তবে পেজ নম্বর ঠিকই রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন, বিষয়টি শ্রেণিশিক্ষকের মাধ্যমে আমি জানতে পেরেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ঐ বিদ্যালয় থেকে কেউ আমাকে বিষয়টি অবগত করেনি। তবে ভুল ছাপানো হয়ে থাকলে বইগুলো পরিবর্তনের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ২৬ জন শিক্ষার্থীকে বইগুলো পরিবর্তন করে দেওয়া হবে। ত্রুটির বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
