চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিতকরণ কিংবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না।
রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটা থেকে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর দেড়টার দিকে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান এবং রেজিস্টার অধ্যাপক ড. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা ‘আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে’, ‘চবির একশন, ডাইরেক্ট একশন’, ‘আবাসন আমার অধিকার, রুখে দেয়ার সাধ্য কার’, ‘হয় আবাসন দেন, নাহয় আবাসন ভাতা দেন’, ‘হলের নামে বৈষম্য মানি না, মানব না’ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা সিট সংকট ও আবাসন সমস্যায় ভুগছেন। ২৪ গণঅভ্যুত্থানের পর প্রশাসন তাদের সব দাবি পূরণের আশ্বাস দিলেও কোনো বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, প্রত্যেক শিক্ষার্থীকে হলে আবাসনের সুযোগ বা সমপরিমাণ ভাতা প্রদান করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খোলা হবে না বলেও জানান তারা।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘এই প্রশাসন চাইলে সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু তারা শুধু আশ্বাস দিয়ে যায়, বাস্তবায়ন করে না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই আবাসন সমাধান না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরব না।’
ভূগোল বিভাগের শিক্ষার্থী কাজী আসমানি বিনতে তাজবী বলেন, ‘সুপারিশসহ কয়েকবার হলে আবেদন করেছি, অনেকেই করেছে, কিন্তু কোনো ফল হয়নি। আসন বরাদ্দে ব্যাপক দুর্নীতি আছে। আমার পরিচিত অনেকে একা পুরো রুমে থাকে, আবার রাজনৈতিক প্রভাবেও সিট পাচ্ছে অনেকে। স্বচ্ছতার কথা থাকলেও এক বছর পরও তা বাস্তবায়ন হয়নি।’
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বলছে আমরা দাবি পূরণ করিনি এমনটি কখনো হয়নি। তবে তারা প্রশাসনিক ভবনে তালা দিয়েছে কোনো আল্টিমেটাম না দিয়েই। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করব।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
