এইমাত্র পাওয়া

দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করাই শিক্ষার্থী‌দের বড় চ্যালেঞ্জ: ইউ‌জি‌সি চেয়ারম্যান

ময়মনসিংহঃ শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থী‌দের চিন্তা-ভাবনাকে সম্মান করা এবং তা‌দের মর্যাদার জায়গাকে সচেষ্ট রাখা ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।

তিনি আরও বলেন, ‘দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করাই শিক্ষার্থী‌দের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে নবাগত একহাজার ১১৬ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বই এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আগামী সোমবার থেকে তাদের ক্লাস শুরু হবে। এ ছাড়া আগামীকাল রোববার বিভিন্ন অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউ‌জি‌সি চেয়ারম‌্যান বলেন, ‘তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ ও জাতি। তাদের প্রত্যাশা পূরণ করাই এখন তোমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনে রাখবে, এই বিশ্ববিদ্যালয় তোমাদের দ্বিতীয় পরিবার, আর এখানকার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তোমাদের পরিবারের সদস্য।’

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ববিদ‌্যালয় এক বিশাল দায়িত্ব নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।’

বাকৃবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন। এ ছাড়া বিভিন্ন ইনস্টিটিউট ও শাখার পরিচালক, অনুষদের শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading