সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গতকাল শাহবাগে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শাহবাগের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে পথচারীরা। এতে বিভিন্ন হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন না করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এ সময় তারা সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন। এর আগে গতকাল হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজাকে কেন্দ্র করে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এরপরই বিকাল ৫টায় বিক্ষোভ শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিক্ষোভে অংশ নেন অন্য ধর্মাবলম্বীরাও। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর ডাকসু থেকে, এমনকি বিভিন্ন হল সংসদ থেকেও নির্বাচন কমিশন বরাবর চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সেসব আবেদনকে অগ্রাহ্য করেছে। তারা বলেন, একই দিনে সরস্বতী পূজা এবং নির্বাচন হতে পারে না। একই তারিখে যদি নির্বাচন হয় তাহলে উত্সবের আনন্দ হবে না। তাই আমরা চাই এ দিনে যেন নির্বাচন না হয়। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ সময় আজ ১২টা পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে নির্বাচন কমিশন ঘেরাও করবেন তারা। জসিম উদ্দিন হল ছাত্র সংসদের জিএস ইমাম হাসান বলেন, একটি অসাম্প্রদায়িক দেশ হওয়া সত্ত্বেও এখানে পূজার দিনে নির্বাচন কখনো কাম্য হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস সাদ্দাম হোসেন বলেছিলেন, যদি নির্বাচনের তারিখ পেছানো না হয় তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
