বরগুনাঃ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৪৯ নম্বর আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে বেদম মারধর করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবুল পহলান। মারধরের শিকার শিক্ষার্থীদের মধ্যে একজন—আলিফা শাহরিয়া তাহসিন (৭)—গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
আহত আলিফা শাহরিয়া তাহসিন স্থানীয় বাসিন্দা মো. শাকিলের মেয়ে। আহত অপর শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মো. আউয়ালের কন্যা মোসা. ফাতিমা আক্তার লামিয়াও। বাকিদের পরিচয় জানা গেলেও তাদের নাম সংবাদে প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৫ জুলাই) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। পরদিন (বুধবার, ১৬ জুলাই) আহত আলিফার মা মোসা. আলেয়া আক্তার লিলি লিখিতভাবে পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন, স্কুলটি শিক্ষক বাবুল পহলানের বাড়ির পাশে হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় চালাচ্ছেন। এমনকি অন্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক রেজুলেশনেও তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ রয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষক বাবুল পহলান মারধরের ঘটনা স্বীকার করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখছেন।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, একাধিক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। তারা দাবি করেন, যতদিন বাবুল পহলান বিদ্যালয়ে থাকবেন, ততদিন আমরা আমাদের সন্তানদের এখানে পাঠাব না।
অভিযুক্ত শিক্ষক মো. বাবুল পহলান বলেন, সেদিন দুইজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। মন-মেজাজ ভালো ছিল না। শিশুরা দুষ্টুমি করছিল, তাই পাঁচজনকে পিটিয়েছি। আলিফার গায়ে একটু জোরে লেগে গেছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ও ক্লাস্টার কর্মকর্তা রঞ্জিত চন্দ্র মিস্ত্রী এবং উপজেলা শিক্ষা অফিসার দীপক চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে শিক্ষক বাবুল পহলানকে ডেকে আনা হয়েছে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে লিখিত দিয়েছেন।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. ছালেহ বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল