নিজস্ব প্রতিবেদক।।
জনপ্রশাসনে দীর্ঘদিনের বৈষম্য নিরসনে গঠিত সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশিষ্টজনরা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে ‘জনপ্রশাসন সংস্কার : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, কমিশনের গঠনে পক্ষপাতিত্ব এবং ২৫টি ক্যাডারের যৌক্তিক প্রস্তাব উপেক্ষার মাধ্যমে পুনরায় একক আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, যা কার্যকর ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গঠনের অন্তরায়।
গতকাল মঙ্গলবার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সম্মেলন কক্ষে ‘জনপ্রশাসন সংস্কার : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে বক্তারা এই মতামত তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো. জামিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুষ্ঠু ও সমতাভিত্তিক প্রশাসন নিশ্চিত করতে হলে আন্তঃক্যাডার বৈষম্য দূর করা সময়ের দাবি। মূল প্রবন্ধে পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান জানান, স্বাধীনতাপরবর্তী সময়ে ২৬টি সংস্কার কমিশন গঠিত হলেও বাস্তবায়নের অভাবে সেগুলো ব্যর্থ হয়েছে। এবারও কমিশন আগের ধারাবাহিকতা বজায় রেখে কেবল একটি গোষ্ঠীর ক্ষমতা সংহত করার পথে অগ্রসর হচ্ছে।
তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পরিসংখ্যান, অডিট ও ডাকসহ বহু পেশাগত ক্যাডারের জটিলতা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে। উপরন্তু জেলা পরিষদ বিলুপ্তির প্রস্তাব ও বিচার বিভাগে হস্তক্ষেপের আশঙ্কাও উঠে আসে। তারা মনে করেন, পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, উপসচিব পদে কোটা বিলোপ এবং মেধানির্ভর পদোন্নতির মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না হলে কাক্সিক্ষত সংস্কার সম্ভব নয়।
সেমিনারে আরও বলা হয়, বর্তমানে প্রশাসন ক্যাডার কর্তৃক একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে অন্য ক্যাডার কর্মকর্তারা পদোন্নতি ও সেবা প্রদানে ব্যাহত হচ্ছেন। ফলে জনসেবা কার্যত দুর্বল হয়ে পড়ছে।
পরিষদ যে প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে রয়েছে- প্রত্যেক ক্যাডারকে নিজ নিজ মন্ত্রণালয়ে পদায়ন, কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ, ভূমি ব্যবস্থাপনায় বিশেষায়িত নামকরণ, জেলা প্রশাসককে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব না দেওয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন।
শিক্ষাবার্তা /এ/০৯/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল