এইমাত্র পাওয়া

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিওভুক্তির দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক।।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করতে সরকারের নিকট দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত।

তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সরকারের উচিত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করা। গতকাল মঙ্গলবার বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কোরবান আলী।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মো. তাসলিম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি সৈয়দ আ. আজিজ, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী ও অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক প্রমুখ।

অধ্যাপক ফজলুল করিম সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবি আদায়ের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে তিনি ঐক্য পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান।

শিক্ষাবার্তা /এ/০৯/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.