নিজস্ব প্রতিবেদক।।
দিনে স্কুলশিক্ষক রাতে ভয়ংকর কুখ্যাত ডাকাত, প্রি-ক্যাডেট স্কুল পরিচালনার অন্তরালে ডাকাত সরদার। এমন চাঞ্চল্যকর তথ্য বের করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলায় সম্প্রতি দুটি ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী চার ডাকাতকে গ্রেপ্তার করে প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করা হয়।
এ ঘটনায় ডাকাতিকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে পুলিশ। ডাকাতরা হলো- স্কুল পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে। তার স্কুলের নাম দি ন্যাশনাল ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল এবং ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ মান্নান শেখের ছেলে, শহিদুল ওরফে শহিদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের মৃত্যু সেকের শেখের ছেলে ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায়।
প্রেস রিলিজ ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে গত সোমবার রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতিকালে গৃহকর্তা ও নারীসহ পাঁচ জনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। এ ঘটনার মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতির মূল পরিকল্পনাকারী মোক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। মোক্তার স্কুল পরিচালনার অন্তরালে ডাকাতি করে এবং কিবরিয়া ইলেকট্রিক মিস্ত্রির অন্তরালে ডাকাতির পরিকল্পনা করে বলে পুলিশ জানায়।
অন্যদিকে গত ৩০ মে উপজেলার আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। সেই মামলায় অপর আসামি শহিদুল ও পার্থ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদের তথ্যের ভিত্তিতে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেনের নেতৃত্বে এসআই মোশাররফ, এসআই মিজান ও এসআই মশিউর তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে ডাকতদের আটক করতে সক্ষম হন।
শিক্ষাবার্তা /এ/০৯/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
