নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (০৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণ চন্দ্র নাথ তাঁর ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির মামলায় গত ১৭ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নারায়ণ তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। তাই ১৭ জুন থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
আরও পড়ুনঃ
- ফেঁসে গেলেন মাউশির চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক নারায়ণ চন্দ্র
- ফলাফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব কারাগারে
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির অডিও ফাঁস
নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে সচিব থাকাকালে তাঁর ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযোগ ওঠার পর গত বছরের ৯ জুলাই তাঁকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।
অন্যদিকে গত বছরের ১৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা নির্দেশনায় বলা হয়, তদন্তে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও ছেলের ফলাফল বাতিলের নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল