এইমাত্র পাওয়া

ছাত্রী হলের ৫৮৩ শিক্ষার্থী পাচ্ছেন ঢাবির আপৎকালীন আর্থিক সহায়তা

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাঁচটি ছাত্রী হলের ৫৮৩ জন শিক্ষার্থীর জন্য প্রথমবারের মতো চালু করা হলো আপৎকালীন আর্থিক সহায়তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে তিন হাজার টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবেন।

মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রতীকীভাবে বিভিন্ন হলের ১০ জন ছাত্রীর হাতে এ সহায়তার টাকা হস্তান্তর করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘এ সহায়তা একটি আপৎকালীন ব্যবস্থা।

আমাদের শিক্ষার্থীদের প্রায় ৫৩ ভাগই ছাত্রী। অথচ তাদের জন্য মাত্র পাঁচটি আবাসিক হল রয়েছে। অনেক ছাত্রী প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। ঢাকায় তাদের আত্মীয়-স্বজন থাকে না।

শুরুতে টিউশনিও মেলে না। সব মিলিয়ে তাদের জন্য জীবন কঠিন। বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তার পরও শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান।

এর অর্জন যেমন সমাজকে আনন্দ দেয়, তেমনি সীমাবদ্ধতাও সমাজকে জানাতে হবে। বর্তমানে আমাদের ৫১ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চাই, ভবিষ্যতে এ সহায়তা সব শিক্ষার্থীর জন্য বিস্তৃত হোক। এ জন্য আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।’

উপাচার্য জানান, চীনের অর্থায়নে একটি নতুন ছাত্রী হল নির্মাণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি বড় প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। যেখানে চারটি নতুন ছাত্রী হল ও পাঁচটি ছাত্র হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.