নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক স্কুল শিক্ষকদের পর এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদেরও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মানতে হবে অনুশাসন। এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশিকা অনুসরণ না করলে তা চাকরিবিধি লঙ্ঘন ও অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ বলে জানানো হয়েছে।
রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। এ চিঠি সব সরকারি কলেজ অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি ও মাউশি অধিদপ্তরের ২০২০ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবরের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশ অমান্য করা সরকারি চাকরিবিধির সুষ্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।
একইসঙ্গে মাউশি অধিদপ্তরের ২০২০ খ্রিষ্টাব্দে ২২ অক্টোবর জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথ অনুসরণ করার জন্য প্রতিষ্ঠান-দপ্তর প্রধানকে বলা হলো।
সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দেয়া হলো।

শিক্ষাবার্তা /এ/৩০/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
