সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি নন-এমপিও ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারের প্রতিশ্রুতি দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া বলেন, আমরা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ২০ থেকে ২৫ বছর বিনা বেতনে পাঠদান করে আসছি। আজ আমরা অসহায়। ফেব্রুয়ারি-মার্চের উত্তাল আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাণের দাবি সরকার মেনে নিয়েছিল। সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব গত ১১ মার্চ তারিখে আমাদের ৭ জন নন-এমপিও শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে এমপিওভুক্তির ঘোষণা প্রদান করেন এবং বলা হয় অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ক্যাবিনেট সচিব ও প্রধান উপদেষ্টার দপ্তরে আলোচনা করে আগামী মে মাসের মধ্যে এমপিওর পরিপত্র জারি করা হবে। ফলে সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্তির ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী জুলাই মাস থেকে বেতন ধরা হবে।

তিনি আরও বলেন, কিন্তু পরে সরকারের প্রতিশ্রুত এমপিওভুক্তির কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে না পেয়ে আমরা নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা হতাশ। সরকারের নিকট অবিলম্বে সব ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ২১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.