কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছেলে শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪ হলে অবস্থানরত সব ধর্মের শিক্ষার্থীদের জন্য হল প্রশাসনের উদ্যোগে ঈদের দিন রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান। অন্যান্য হলের তুলনায় বিজয়-২৪ হল বড় হওয়ায় এই হলটিতে ঈদের ছুটিতে শিক্ষার্থীরা বেশি অবস্থান করেন। এছাড়া, ঈদের বন্ধে অনেক সনাতনী বা অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা হলে অবস্থান করেন। হলে অবস্থানরত সেই সব শিক্ষার্থীদের জন্য হল প্রশাসনের উদ্যোগে ঈদের দিন রাতে বিশেষ খাবার সরবরাহ করা হবে।
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ‘অন্যান্য হলের তুলনায় বিজয়-২৪ হল বড় হওয়ায় এই হলটিতে শিক্ষার্থীরা বেশি অবস্থান করেন। এছাড়া, এই হলটিতে ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীও অনেক থাকেন। যারা আবার ঈদের বন্ধে হলে অবস্থান করেন। গত ঈদে আমরা হল প্রশাসনের উদ্যোগে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করতে যাচ্ছি।’
কী ধরনের খাবার সরবরাহ করা হলে? এমন প্রশ্নে প্রাধ্যক্ষ জানান, ‘এটি শিক্ষার্থীদের ওপর নির্ভর করবে। শিক্ষার্থীরা যা খেতে চাইবেন আমরা সেটিই ব্যবস্থা করবো।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতে এরকম কোনো উদ্যোগ নেয়া হয়েছে কি না জানতে যোগাযোগ করা হয় প্রতিটি হলের প্রাধ্যক্ষদের সাথে। কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুন বলেন, ‘আমাদের হলে কেউ অবস্থান করবেন কি না এখনো কনফার্ম না। যদি কেউ অবস্থান করেন তাহলে আমরা বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ স্যারের সাথে কথা বলে একসাথে আয়োজনের পরিকল্পনা করবো।’
শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, ‘আমাদের হলে দুইজন মাত্র অবস্থান করবেন। তাদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আপাতত নেই।’ আর মেয়েদের দুই হলে কোন শিক্ষার্থী অবস্থান করছেন না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
