এইমাত্র পাওয়া

আগামীকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকাঃ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আগামীকাল শনিবার (৩১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১ ঘণ্টায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। উপকূলীয় ১৬টি জেলার কোনো শিক্ষার্থী উক্ত পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারলে, সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় উদ্যোগ নেয়া হবে বলে জানায় প্রশাসন।

শুক্রবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, গুনগত পরিবর্তন ও সংস্কারের অংশ হিসেবে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মিনিমান স্ক্যানিং করে ভর্তি করা প্রয়োজন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ফের পরীক্ষার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সিলেবাসে আসবে পরিবর্তন। কারিকুলামে যুক্ত হবে আইসিটি ও ইংরেজি।

তিনি জানান, ২০১৪-১৫ সেশনের পর বন্ধ হয়ে যায় ভর্তি পরীক্ষা। এরপর এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি করা হতো। কিন্তু দীর্ঘ ১২ বছর পর শিক্ষার মানোন্নয়নের জন্য পুনরায় ফিরলো ভর্তি পরিক্ষায়। এবার এমসিকিউ পরিক্ষা পদ্ধতিতে একশ নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ২০ নম্বর করে থাকবে ও গ্রুপভিত্তিক বিষয়ে থাকবে ৪০ নম্বর।

দেশের সাতটি বিভাগের জেলা পর্যায়ে ১৩৭টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। মানবিক শাখায় ২ লাখ ৭৪ হাজার ৭১৮ জন। বানিজ্য শাখায় ১ লাখ ১৭ হাজার ৩৬ জন। বিজ্ঞান শাখায় ১ লাখ ৬৮ হাজার ৮৪১ জন। এর আগে ভর্তি পরীক্ষাটি ৩ মে নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৪ মে এবং পরে আরও এক সপ্তাহ পিছিয়ে ৩১ মে পুনঃনির্ধারণ করা হয়।

মেধাতালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে।

ভর্তিচ্ছুদের অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading