এইমাত্র পাওয়া

ঢাবি শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে নিরুৎসাহিত

ঢাকাঃ সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করবে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সদস্যদের এক সভায় এমন একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদ্যানে প্রবেশের সকল গেট রাত ৮টার পর বন্ধ রাখার ব্যবস্থা করা; রমনা কালি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মন্দিরের নিজস্ব বিকল্প গেটের ব্যবস্থা করা; পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে সিসি ক্যামেরার আওতায় আনা, লাইট, সিসি ক্যামেরা স্থাপনের পূর্বে নির্দিষ্ট সময় পর পর অভিযান চালানোর মতো সিদ্ধান্ত।

এ ছাড়াও রয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি প্রবেশ পথে দুজন করে তিন শিফটে মোট ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করা; ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে না যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রচারণা চালানো এবং উদ্যানের ভেতরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা।

রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত নিরাপত্তা উপ-কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, ডিএমপি’র রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. বজলুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপি এর প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর উপস্থিত ছিলেন

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.