বয়সসীমা ৩৫ না করলে কঠোর কর্মসূচী’

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ চারদফা দাবি আগামী এক সপ্তাহের মধ্যে মেনে না নিলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন ৩৫ দাবিতে আন্দোলনরতরা। শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণবিক্ষোভ পালন শেষে এ হুঁশিয়ারি দেন তারা। এদিকে কনকনে শীতের মধ্যে গত একমাস অনশনের পরও দাবি না মেনে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন আন্দোলনের ফলে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র শীতের কারণে আমরণ অনশনে যাওয়া আন্দোলনকারীরা মৃত্যুর ঝুঁকিতেও পড়ছেন বলে দাবি করেন তারা। গণবিক্ষোভ কর্মসূচীতে তারা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি না করে সরকার ২৮ লক্ষ মেধাবীদের ঠকাচ্ছে। তারা এদেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

আমরা চাকরি চাইনা, চাকরিতে আবেদনের সুযোগ চাই। আমরা এই দেশ এবং জাতির সেবা করে বাঁচতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তারা বলেন, মানবতার মা আজ আপনি কোথায়? আপনার সন্তানেরা আজ ৩৫সহ ৪ দফা দাবি আদায়ে দীর্ঘ এক মাস অনশন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় আপনার পক্ষ থেকে কোন রকম সাড়া নেই। দয়া করে আমাদের আবেদন করার সুযোগ দিন। বিশ্ব আপনাকে মানবতার মা হিসেবে আখ্যা দিলেও ২৮ লক্ষ শিক্ষিত যুব সমাজের প্রতি সুদৃষ্টি না দিলে এটা হবে এক মহা অমানবিক দৃষ্টান্ত। গণবিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুজাম্মেল মিয়াজী, সুরাইয়া ইয়াসমিন, রেশমা আক্তার, উজ্জল সরকার, এস.এ. সজীব আহমেদ, মোছাদ্দেক আলী রাসেল, উজ্জল কুমার, জিয়াউর রহমান, নাজিম উদ্দিন, মাসুদুল আলম, মোশাররফ হোসেন সোহেল, শরিফ সৌরভ, ইব্রাহিম খলিল, দোলন বাশার, পারভেজুর রহমান, সুমন ইসলাম প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.