শাহবাগ অবরোধ করা নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৩

ঢাকাঃ বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করা নার্সিং শিক্ষার্থীদের লাঠিচার্জ করছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন।

অভিষেক নামে একজন নার্সিং শিক্ষার্থী বলেন, পুলিশের লাঠিচার্জে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।

আহত শিক্ষার্থীরা হলেন বরিশাল নার্সিং কলেজের রিফাত, ঢাকা আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী তানবির।

তারা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করছেন পরবর্তী কর্মসূচি কী হবে।’

উল্লেখ্য, ‘এইচএসসি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়ন দাবিতে গত কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন নার্সিং শিক্ষার্থীরা।

এ দাবিতে বুধবার সকালে ঢাকায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা এক দফা দাবি বাস্তবায়নে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি পূরণের আশ্বাস না পেয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন।

দুপুর সোয়া ২টার দিকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি পূরণে আজ এক ঘণ্টা সময় দিয়েছিলাম বিএনঅ্যান্ডএমসিকে। কিন্তু উনারা দাবি পূরণে কোনো ব্যবস্থা নেননি। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’

রাজশাহীতে কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে কলেজটির অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ‘রাজশাহী নার্সিং কলেজে ডিপ্লোমা এবং বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.