নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে শিধুলী হাটের টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও মাদরাসা কমিটির মধ্যে দ্বন্দ্বের জেরে মাদরাসা কমিটির ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১৬ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সকালে থেকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওলামা পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় তারা গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
স্থানীয় লোকজন ও মাদরাসার শিক্ষকরা জানান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসানের (৩২) দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা আরও জানান, শিধুলী হাট সরকারি তালিকাভুক্ত না হওয়ায় কয়েক বছর ধরে হাটের টাকা শিধুলী, চলনালী, পোয়ালশুড়া হযরত ওসমান (র.) হাফেজিয়া ও কওমি মাদরাসায়’ জমা দেওয়া হয়। এতে চলে ৯০ জন আবাসিক শিক্ষার্থীসহ প্রায় দেড়শ শিক্ষার্থীর দ্বীনি শিক্ষা।
সম্প্রতি বিএনপি নেতা আব্দুল আজিজের অনুসারীরা হাটের আয় থেকে ভাগ চাওয়ায় মাদরাসা কমিটির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা উত্তোলন বন্ধের পরামর্শ দেন। পরে মাদরাসা কমিটি টাকা উত্তোলন বন্ধ করলেও, অভিযোগের ভিত্তিতে মাদরাসার সাধারণ সম্পাদক শাহাদত হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
মাদরাসার মহতামিম মো. ফাতিহুল কবীর জানান, তারা প্রশাসনের নির্দেশ মেনেই চলেছেন, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক চাপেই গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও, সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এসময় তারা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিদের গ্রেপ্তারের দ্রুত দাবি জানান।
অন্যদিকে, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের ছেলে সোহাগ মাহমুদ বলেন, শিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে বিএনপির সঙ্গে মাদরাসা কমিটির কোনো দ্বন্দ্ব হয়নি। হাটের টাকা উত্তোলনের বিষয়টি প্রশাসনের নজরে আসায় মাদরাসা কমিটির কয়েকজনকে গ্রেপ্তার করে। মামলার বাদী ছাত্রদলেরর সভাপতি রুবেল তাদের অনুসারী হলেও মামলার বিষয়টি নিয়ে তারা কিছু জানেন না।
তিনি আরও বলেন, মূলত মাদরাসা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা হওয়ায় বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে।
তবে ছাত্রদলের সভাপতি রুবেল হাসান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তিনি টাকা উত্তোলন না করলেও মাদরাসা কমিটির লোকজন টাকা উত্তোলন অব্যাহত রেখেছিলেন। একারণে তিনি মামলা দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, শিধুলী হাট সরকারি পেরিফেরিভুক্ত নয়। টাকা উত্তোলনের খবর পেয়ে তিনি মাদরাসা কমিটিকে নিষেধ করেছিলেন।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, হাটের টাকা নিয়ে সেনাবাহিনীর কাছে মৌখিক অভিযোগ আসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
