ঢাকাঃ দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন প্রতিষ্ঠানগুলো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ১৫তম দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, কোনো সমাধান না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এ সময় শিক্ষকরা নানা স্লোগান দিয়ে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। স্লোগানগুলো ছিল— ‘শিক্ষক কেন রাস্তায়, প্রশাসন জবাব চাই’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’, ‘চাকরি আছে, বেতন নাই, এমন কোনো দেশ নাই’, ‘আর নয় অঙ্গিকার, এবার চাই অধিকার’, ‘এমপিও ছাড়া বাড়ি ফিরবো না’।
কর্মসূচিতে ময়মনসিংহ থেকে আসা শিক্ষক হাফিজুল ইসলাম বলেন, ‘গত ৮ বছর ধরে একটি প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছি। কিন্তু তার বিনিময়ে কিছুই পাইনি। এখন পরিবার নিয়ে অসহায় হয়ে গেছি। এমন একটা কাজের সঙ্গে জড়িয়ে গেছি, যে কাজটি ছাড়তেও পারছি না। পরিবারের জন্য ভালো কিছু করতে পারছি না। সরকার যদি আমাদের দিকে একটু সদয় হতেন, তবে আমাদের পরিবার বাঁচতো।’
নাটোর থেকে আসা মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা স্কুলে পড়াচ্ছি, কিন্তু পেটের দায়ে ঢাকার রাস্তায় এসে রাত কাটাতে হচ্ছে। এটা আমাদের সঙ্গে অন্যায়। আমরা শুধু আমাদের অধিকার চাই।’
শেরপুর থেকে আসা শিক্ষিকা আলেয়া বেগম বলেন, ‘আমরা ১৫ বছর ধরে বঞ্চিত হচ্ছি। সংসার একটু স্বচ্ছল করার জন্য স্কুলে চাকরি শুরু করেছিলাম। কিন্তু দিনের পর দিন শুধু পরিশ্রমই করে যাচ্ছি, তবে কোনো ফল পাচ্ছি না। আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরব না।’
কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেছেন। তারা তাদের দাবি আদায়ের জন্য একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
