এইমাত্র পাওয়া

এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফা মাইগ্রেশনের তালিকা প্রকাশ

ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফা মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে। একইসঙ্গে মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীকে আগামী ৬ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে মাইগ্রেশন হওয়া কলেজে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। তা না হলে উভয় কলেজ হতে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

বুধবার (৫ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৪-২০২৫ খ্রি: শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরম এর প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপেক্ষামাণ তালিকা হতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজসমূহে শূণ্য আসনে ১৭৩ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো। এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্বক আগামী ০৬ মার্চ হতে ১২ মার্চের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলী/মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।’

যেভাবে জানা যাবে মাইগ্রেশনের ফল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপেক্ষমাণ তালিকা ও অভিপ্রায়ণ (মাইগ্রেশন) এর ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এছাড়া, সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে শুধু টেলিটকের 01550 155555 নম্বর হতে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।’

অপেক্ষমান এবং মাইগ্রেশনে সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির তারিখ ৬ মার্চ হতে ১২ মার্চ পর্যন্ত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মাইগ্রেশনে সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের কাগজ-পত্র সংশ্লিষ্ট মেডিকেল কলেজে আগামী ০৮/০৩/২০২৫ খ্রি. তারিখের মধ্যে প্রেরন করার জন্য অনুরোধ করা হলো। ভর্তির পূর্ণ তালিকা ও শূণ্য আসনের (যদি থাকে) তথ্য সফট্ কপি ই-মেইলে ও হার্ড কপি আগামী ১৩-০৩-২০২৫ তারিখের মধ্যে পরিচালক চিকিৎসা শিক্ষা শাখায় (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন), বিশেষ বাহক মারফত প্রেরন করার জন্য অনুরোধ করা হলো।’

ভর্তিরত শিক্ষার্থীদের ২য় দফায় অনলাইন মাইগ্রেশনের সময়সীমা ১২/০৩/২০২৫ খ্রি. পর্যন্ত এবং অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের ২য় মাইগ্রেশনের তথ্য টেলিটকের ওয়েব পোর্টালে অগ্রবর্তীকরণের শেষ তারিখ: ১৩/০৩/২০২৫ খ্রি. বেলা ১২.০০টা পর্যন্ত।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.