রাজশাহী কলেজের ফরম পূরণের ফি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রাজশাহীঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েকগুণ বেশি ফি নেওয়া হচ্ছে। তবে তাদের দাবি নাকচ করে দিয়েছেন কলেজে অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। এমনকি পরের বার ফি আরো বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

জানা যায়, ফরম পূরণের ঘোষণা দিয়ে ‎২৬ ফেব্রুয়ারি রাজশাহী কলেজ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয় ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ছাড়া সব দিনেই ফরম পূরণ করা যাবে। পরের দিন ২৭ ফেব্রুয়ারি রাজশাহী কলেজ অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফরম পূরণের টাকার পরিমাণ জানানো হয়। সেই বিজ্ঞপ্তি দেখার পর শিক্ষার্থীরা বলছেন, অন্যান্য কলেজে তুলনায় রাজশাহী কলেজের ফরম পূরণের ফি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে।‎

বিজ্ঞপ্তিতে দেখা যায় ফরম পূরণের জন্য বাংলা, ইংরেজি, আরবী, ইসলামি শিক্ষা, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ‎দর্শন, রাষ্ট্র বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানে‎ ৭ হাজার ৫৯১ টাকা; সমাজ কর্মে ৭ হাজার ৬৯১; অর্থনীতি, ‎ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ৭ হাজার ৫৯১; পদার্থ বিজ্ঞানে ৭ হাজার ৯৯৬ টাকা, রসায়নে ৮ হাজার ২৪৬ টাকা, গণিতে ৭ হাজার ৯২১ টাকা, উদ্ভিদ বিজ্ঞানে ৭ হাজার ৯৯৬ টাকা, প্রাণি বিজ্ঞানে ৭ হাজার ৯৯৬ টাকা, মনোবিজ্ঞানে ৮ হাজার ৮৭১ টাকা, পরিসংখ্যানে ৮ হাজার ৫৯৬ টাকা; এছাড়াও ভূগোল ও পরিবেশ বিভাগে ৯ হাজার ১৭১ টাকা ধরা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, রংপুর কারমাইকেল কলেজের বাংলা থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় পর্যন্ত ফরম পূরণের জন্য মাত্র ৪ হাজার ২৭৫ টাকা গ্রহণ করছে। এছাড়াও গণিত, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিভাগের জন্য ৪ হাজার ৫০০ টাকা এবং পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের জন্য ৪ হাজার ৭৫০ টাকা ধার্য করেছে। ‎এছাড়াও রাজশাহীতে অবস্থিত নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজেও প্রতি বিভাগে রাজশাহী কলেজের তুলনায় এক হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কম নেওয়া হচ্ছে।‎

‎এ বিষয়ে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামান সৌরভ বলেন, ‘ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের লাগছে ৪ হাজার ২৭৫ টাকা আর আমাদের লাগছে ৭ হাজার ২৯৫ টাকা। কলেজ প্রশাসনের কাছে একটাই দাবি, আপনারা কোন খাতে অর্থনীতি বিভাগে ৭ হাজার ২৯৫ টাকা নিচ্ছেন, তার একটা সুষ্ঠু হিসাব দিন। আমরা তুলনায় না গিয়ে শুধু কলেজ থেকে আমরা কী কী সুবিধা পাচ্ছি, সরকারি কলেজ হিসেবে আমরা সেই খাতগুলো দেখতে চাই।’

মো: শাহীন উদ্দীন নামের এক শিক্ষার্থী ফেসবুক গ্রুপে লিখেছেন, কলেজ কোনোভাবেই ৫ হাজারে এর বেশি টাকা রাখতে পারে না।

তবে সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত নন রাজশাহী কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, আমাদের কলেজের বিভিন্ন খাতে অতিরিক্ত খরচ আছে। এগুলো থেকেই তা বহন করতে হয়। তাই ফি কমানো সম্ভব না।’ তবে ছাত্র-ছাত্রীদের বিষয়টি মাথায় রেখে টাকা আদায় করলে তা সবার জন্যই ভালো হবে বলে মনে করেন তিনি।

তবে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না বলে দাবি করেছেন রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। তিনি বলেন, ‘অন্যান্য বছর যেভাবে ফরম পূরণের ফি নেওয়া হয়, সেভাবেই নেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের কলেজের অনেক খরচ আছে। অবকাঠামোগত উন্নয়ন ও কলেজের অনেক সহায়ক কর্মচারী আছেন, তাদের বেতন দিতে হয়। তাদের চাকরি সরকারি না হলে এভাবেই তাদের চালাতে হবে। আগামীদিনে বরং আরো হয়তো একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি পেতে পারে। কমানোর কোনো সুযোগ নেই। আমরা আশা করি শিক্ষার্থীরা আন্তরিক হবেন এবং এই বিষয়ে সহযোগিতা করবেন।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.