Oplus_131072

আল্টিমেটাম: মাউশি ডিজি প্রত্যাহার না হলে স্কুল-কলেজে তালা ঝোলানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হকের প্রত্যাহার দাবিতে দুই দুইবার আল্টিমেটাম এবং শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচী পালন করলেও ডিজির প্রত্যাহার না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবারের মধ্যে অধ্যাপক ড. এহতেশাম উল হকের প্রত্যাহার না হলে আগামী রবিবার থেকে দেশের সব স্কুল-কলেজে তালা ঝুলিয়ে কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপির এই শিক্ষক-কর্মচারী জোটটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আব্দুল গনি রোডে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মূল ভবনে ঘেরাও করে অবস্থান শেষে এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। 

ঘেরাও কর্মসূচী থেকে শিক্ষক-নেতারা বলেন, মাউশির মহাপরিচালককে সরাতে গতকাল মঙ্গলবার পর্যন্ত আলটিমেটাম দেয়া ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাকে এখনও সপদে বহাল রেখেছে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাকে প্রত্যাহার না করলে আগামী রবিবার থেকে দেশের সব স্কুল-কলেজে তালা ঝুলিয়ে কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপির এই শিক্ষক-কর্মচারী জোটটি। একইসঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে ড. জুলফিকার হায়দারকে প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

শিক্ষকরা বলেন, মাউশির মহাপরিচালক হিসেবে পদায়ন পাওয়া অধ্যাপক ড. এহতেশাম উল হককে প্রত্যাহার করতে হবে। বর্তমান শিক্ষাসচিব আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। অবিলম্বে মাউশির মহাপরিচালককে পদত্যাগ করতে হবে।

তারা বলেন, মাউশির ডিজি পদে পদায়ন পাওয়া অধ্যাপক ড. এহতেশাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে সর্বমহলে পরিচিত। তার হাত ধরেই বরিশাল বিএম কলেজের রসায়ন বিভাগ থেকে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পান অধ্যাপক ড. এহতেশাম উল হক।

এ কর্মসূচিতে ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মহাসচিব জাকির হোসেন, সহকারী মহাসচিব অধ্যাপক বদরুল ইসলাম,‌ প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ কাজী মোহাম্মদ মাইনুদ্দিন, অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, অধ্যাপক আব্দুল আউয়াল, যুগ্মমহাসচিব অধ্যাপক আব্দুল হাকিমসহ বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক -কর্মচারীরা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে  “শিক্ষার্থীদের বিক্ষোভে প্রত্যাহার হওয়া ব্যক্তিই মাউশির নতুন ডিজি শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে শিক্ষা ক্যাডার ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সংবাদ প্রকাশের পরেই ডিজির প্রত্যাহারের দাবিতে কর্মসূচী ঘোষণা করে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.