তিতুমীরে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক :

নানান রঙে রাঙিয়ে সুবর্ণ জয়ন্তী পালন করছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ। শনিবার সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে ক্যাম্পাস। যারা ছুটে গেছেন সুবর্ণ জয়ন্তীর উৎসবে, শততম বার্ষিকীতে তারা নাও থাকতে পারেন। তাইতো দূর দূরান্ত কিংবা চাকরি থেকে ছুটি নিয়েও চলে আসেন প্রাণের ক্যাম্পাসে।

বর্তমান শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। নানা রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে সকাল থেকে ভিড় করতে থাকে প্রিয় ক্যাম্পাসে।

সকাল সাড়ে ৯টায় শুরু হয় মূল অনুষ্ঠান। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বুথের মাধ্যমে গিফট আইটেম এবং উপকরণ বিতরণ করা হয়। এন্ট্রি বুথ থেকে এন্ট্রি কার্ড সংগ্রহ করে তারপর অনুষ্ঠানস্থলে প্রবেশ করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে তিতুমীর কলেজে পড়া অবস্থায় যেসব শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মাঝে সন্মাননা প্রদান করা হয়। এরপরে তিতুমীর কলেজের সাবেক সফল শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক), তিতুমীর কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ,বীর প্রতীক মোজাম্মেল আনোয়ার, সাবেক স্বাস্থ্য সচিব শাহনেওয়াজ, সেনা কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।

দুপুর ১টায় শেষ হয় অনুষ্ঠানের ১ম পর্ব। এরপর দুপুরের খাবারের বিরতি। খাবারের বিরতি শেষে ২য় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিতুমীর কলেজ ছাত্রলীগ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট, শুদ্ধস্বর কবিতা মঞ্চ, তিতুমীর নাট্যদল, স্কাউট তিতুমীর কলেজ গ্রুপ, বাঁধন তিতুমীর কলেজ ইউনিট এবং আদিবাসী ছাত্র সংগঠন অংশগ্রহনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিনয়, আবৃত্তি, ফ্যাশন শো, বিতর্ক, নৃত্য, শোবিজ, আদিবাসী সঙ্গীত-নৃত্য আর সঙ্গীতে মেতে ওঠে অনুষ্ঠান মঞ্চ।

তারপর সন্ধ্যায় শুরু হয় অতিথি শিল্পী ও ব্যান্ড দলের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশবরেণ্য সংগীত শিল্পি সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীর, রেজওয়ানা চৌধুরী বন্যা ও আরো অনেকে।

পুরো আয়োজন জুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগিতায় ছিলো বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট, রোভার স্কাউট সরকারি তিতুমীর কলেজ গ্রুপ ও সহযোগী সংগঠনগুলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.