ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “গত সতেরো বৎসরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিগত বছরগুলোতে দেশব্যাপী বৈষম্য, ভোটাধিকার হরণ, খুন, গুম এবং নৈরাজ্যের রাজনীতি দেখে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে বেড়ে উঠেছে। জুলাই বিপ্লবে তাদের আকাশ থেকে গুলি করে মারার মর্মান্তিক দৃশ্য দেখতে হয়েছে। ভ্যানে করে শহীদের লাশ নিয়ে যাওয়ার পরিস্থিতি দেখতে হয়েছে। বিপ্লবে অংশ নেয়া শিক্ষার্থীদের আগুনে পুড়িয়ে লাশ দাহ করার ফিল্মী স্টাইলের দৃশ্য প্রত্যক্ষ করতে হয়েছে।
নিজস্ব অর্থায়নে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এ মন্তব্য করেন।
উপাচার্য আরও বলেন “রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে দেখতে আজ তারা ক্লান্ত, পরিশ্রান্ত। আর এজন্যই দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে পর্যায়ক্রমে কর্মশালা পরিচালনা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করলে অবশ্যই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হবে। এ শিক্ষা ব্যবস্থাকে সুনির্দিষ্টভাবে ঢেলে সাজাতে হবে যেন একজন শিক্ষার্থী ডিগ্রী অর্জনের সাথে সাথে তার কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়।” আইসিটিসহ অন্যান্য ট্রেড কোর্সের সমন্বয়ে দেশের শিক্ষা ব্যবস্থা তৈরির উপর গুরুত্বারোপ করেন তিনি।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব কাজী মোঃ আব্দুর রহমান এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ মশিউল হোসাইন।
এছাড়া এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর সৈয়দ তানভীর রহমান, ক্লিনিকেল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিজা ফেরদৌসী এবং বাংলাদেশ গার্হস্থ অর্থনীতি কলেজের সহযোগী অধ্যাপক নাঈমা রুম্মান শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে লেকচার প্রদান করেন।
উল্লেখ্য এ কর্মশালায় ৪টি কলেজের ১৬০জন শিক্ষার্থী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন এবং প্রশিক্ষণ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
