প্রাথমিক শিক্ষকদের গণশিক্ষা প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

প্রাথমিক শিক্ষকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘আজকের শিশুরাই আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের মূল চালিকাশক্তি। তাই তাদের প্রতি অবহেলা সহ্য করা হবে না। কারণ আলোকিত মানুষ হিসেবে তাদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষক সমাজকেই নিতে হবে।’

 

বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক গণিত অলিম্পিয়াড- ২০১৯ এর ঢাকা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল মান্নান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান।

 

জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গামী শিশুরা বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ। বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করবে আজকের শিশুরা। এজন্য প্রয়োজন প্রাথমিকের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। সে লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এই প্রকল্পের আওতায় গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে দেশের ৮০টি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদেরকে গণিতে পারদর্শী করে গড়ে তোলা হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের গাণিত ভীতি দূর হয়েছে, গণিতের প্রতি আগ্রহ বেড়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে এ পদ্ধতিতে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে গণিত শিক্ষা প্রদান করা হবে।’ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

 

এর আগে তিনি পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.