প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রকল্পের আওতায় গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে দেশের ৮০ টি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদেরকে গণিতে পারদর্শী করে গড়ে তোলা হয়েছে । এতে কোমলমতি শিক্ষার্থীদের গণিত ভীতি দূর হয়েছে , গণিতের প্রতি আগ্রহ বেড়েছে। আগামী বছর থেকে এ পদ্ধতিতে সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে গণিত শিক্ষা প্রদান করা হবে।একইসাথে, শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক সমাজকে নেয়ারও আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ডেমরায় পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে `গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই ` শীর্ষক প্রকল্পের আওতায় প্রাথমিক গণিত অলিম্পিয়াড ২০১৯ এর ঢাকা পর্যায়ে আয়োজিত গণিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আব্দুল মান্নান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গামী শিশুরা বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় নয় শতাংশ। বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করবে আজকের শিশুরা।এ জন্য প্রয়োজন প্রাথমিকের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এর আগে প্রতিমন্ত্রী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ৬ষ্ঠতলা বিশিষ্ট একাডেমিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
