তদন্ত চলাকালীন সময়ে লাঞ্ছিত মাধ্যমিক শিক্ষা অফিসার

মেহেরপুরঃ আদালতের একটি নারী নির্যাতন মামলার তদন্ত চলাকালীন সময়ে লাঞ্ছিত হয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। ঘটনার নেপথ্য ও সিসিটিভির ফুটেজ দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, মেহেরপুর মোকাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিটিশন মামলা নং— ১০৮/২০২৪ তদন্তের জন্য তার কাছে দেওয়া হয়। সোমবার দুপুরে মামলাটির শুনানীর জন্য বাদী বিবাদীকে হাজির হতে বলা হয়। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডা হয়। এসময় তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান।

এক পর্যায়ে কয়েকজন যুবক তার প্রতি রাগান্বিত হয়ে মোবাইল ফোনটি কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। এতে প্রতিবাদ করে অফিস সহকারী তোফাজ্জেল হোসেন। এসময় তোফাজ্ঝেল হোসেনকেও লাঞ্ছিত করে যুবকেরা। ঘটনাটি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও মেহেরপুর সেনাবাহিনীকে অবহিত করেন শিক্ষা অফিসার হোসনে মোবারক। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এর আগেই সটকে পড়ে ওই যুবকেরা। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থলে আসেন ও বিস্তারিত শোনেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, তিনি বিস্তারিত ঘটনাটি শুনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ও ঘটনাটির তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.