অনলাইন ডেস্ক :
ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে দেখতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান।
আহত নুরকে দেখতে রোববার রাতে ঢাবি উপাচার্য হাসপাতালে গেলে শিক্ষার্থীরা তার কাছে বিচার দাবি করেন। এ সময় উপাচার্য আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে ‘দালাল’ ও ‘নির্লজ্জ’ বলে গালি দেয় শিক্ষার্থীরা।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে আলো নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতা-কর্মী। এ সময় নুরের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে গতকাল রাত পর্যন্ত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি ছিলেন।
ঘটনার সময় হামলাকারীরা পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সোহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। সোহেল হাসপাতালে ভর্তি আছেন। সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক দফা মারধরের শিকার হন আরেক যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ফারাবীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার সংগঠনের নেতারা।
ডাকসু ভিপির সঙ্গে ভিসি আখতারুজ্জামান দেখা করতে শিক্ষার্থীরা তাকে দালাল বলে শ্লোগান দেন।
ভিসির কাছে প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ দিয়ে ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন সিফাত বলেন, ডাকসু ভিপি নুরসহ অন্যদের ওপর হামলার সময় আমি প্রক্টর স্যারের কাছে বিচারের দাবি নিয়ে গেলে তিনি আমাকে বলেন, ‘তুমি বেশি নেতা হয়ে যাচ্ছ। তোমাকে বহিষ্কার করব।’
আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি আমাকে রক্ষা না করে উল্টো বহিষ্কার করার কথা বলছেন, পুলিশে দেয়ার কথা বলেছেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আপনাদের চাই না। যদি মনে হয়, আপনারা এর বিচার করতে পারবেন না, দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে পদত্যাগ করুন।’
ডাকসুর ভিপিকে কীভাবে দরজা বন্ধ করে পেটায়, তার উত্তর চায় শিক্ষার্থীরা। এ সময় কিছুক্ষণ প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান পুলিশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে উপাচার্য ও প্রক্টরকে নিয়ে যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
