নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার অন্যতম নিয়ামক হল মাতৃদুগ্ধ। জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো, ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশপাশি ঘরে তৈরী বাড়তি খাবার নিশ্চিত করা হলেই শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা যায়।
শিশু পুষ্টি উন্নয়নে সঠিক উপায়ে ব্রেষ্ট ফিডিং করার উপরে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় রাজধানীতে প্রায় শতাধিক নার্সদের অংশগ্রহণে প্রথম পর্যায়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মায়েরা সঠিক প্রক্রিয়ায় কিভাবে মাতৃদুগ্ধ পান করাবেন সে কৌশল শেখাতে নার্সদের তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত ২৩ অক্টোবর রাজধানীর নীলক্ষেতের হোম কেয়ার হাসপাতালে প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবর ২য় দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগানের পদ্মা জেনারেল হাসপাতালে। ২৫ অক্টোবর তৃতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীর বিজয় সরণির কিউর স্পেশালাইজড হাসপাতালে। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আশাবাদ ফাউন্ডেশনের।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আতিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট)। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. শিউলী বেগম (সহযোগী অধ্যাপক, গাইনী বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল)। প্রশিক্ষণ কর্মশালায় স্পিকার ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের ইপিডেমিওলজিষ্ট কিংকর ঘোষ। হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন মেরি বি বিশ্বাস (অবসরপ্রাপ্ত নার্স, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট)। অধ্যাপক ড. মো. শুকুর আলীর সঞ্চালনায় এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে টপব্রাইট (প্রাঃ) লিমিটেড। এই কর্মশালায় উপস্থিত ছিলেন টপব্রাইট (প্রাঃ) লিমিটেড এর প্রধান নির্বাহী এ.এস.এম. সরোয়ার।

কর্মশালায় ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আতিকুল ইসলাম বলেন, নবজাতকের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। শিশুর পরিপূর্ণ বিকাশে মাতৃদুগ্ধ পানের ভূমিকা অনস্বীকার্য। মূলত এই গুরুত্বপূর্ণ বার্তাটি জনগণের কাছে পৌঁছে দিতে এবং মায়েরা যেন সঠিক উপায়ে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন সেটাই এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান লক্ষ্য। তিনি বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ পান করালে শিশুমৃত্যুর হার ৩১ শতাংশ কমে। এ ছাড়া ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ পান করালে শিশুর মৃত্যুঝুঁকি হ্রাস পায় আরও ১৩ শতাংশ। শিশুদের সুস্বাস্থ্য নিয়ে বেড়ে ওঠা এবং মৃত্যুর হার কমিয়ে আনার জন্য জন্মের পর থেকে প্রতিটি শিশুকে দুই বছর এবং সম্ভব হলে আরো বেশি সময় বুকের দুধ খাওয়ানো প্রয়োজন। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়ের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা নার্সদের প্রশিক্ষণ প্রদান করছি কারণ এই নার্সদের মাধ্যমেই মায়েরা বিষয়টি জানতে পারবেন।
প্রশিক্ষণ কর্মশালায় যা আলোচনা হয়ঃ-
- ব্রেস্টফিডিং বা স্তন্যদানে সবচেয়ে প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ বিষয় মায়ের সুস্বাস্থ্য (শারিরিক ও মানসিক দুটোই)। গর্ভবতী মায়ের দেহে বিভিন্ন হরমোনের আধিক্য দেখা যায়, বলা যায় গর্ভবতীর শরীরে চলে হরমোনের উৎসব। যার ফলে তিনি শারিরিক ও মানসিকভাবে ভীষণ প্রভাবিত হন। শিশুর জন্মের পর এই প্রভাব কিছুটা কমে এলেও তিনি শারিরিক ভাবে দুর্বল এবং অনেক ক্ষেত্রে মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। শিশুর লালন পালনে আর সব কিছুর মতো মাতৃদুগ্ধ দানে মায়ের পাশাপাশি পিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সমাজ ব্যবস্থায় ব্যাপারটি অনেককে অবাক করলেও এটাই বাস্তবতা। শিশুকে স্তন্যদান করবেন মা আর সেই মায়ের যত্ন, তাঁর পুষ্টি, বিশ্রাম নিশ্চিত করবেন পিতা।
- এসময় মায়ের যথাযথ খাদ্যগ্রহণ ও পুষ্টি জরুরী। মায়ের পুষ্টিহীনতা মাতৃদুগ্ধ উৎপাদনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এসময় সাধ্য অনুযায়ী দুধ, ডিম, সবজিসহ পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরী।
- স্তন্যাদানকারী মায়েদের হাইড্রেশন বা পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরী।
- মানসিক এবং শারীরিক সুস্থতার লক্ষ্যে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম (প্রতিদিন নুন্যতম ৮ ঘন্টা) জরুরী।
উল্লেখ্য, ডা. আতিকুল ইসলাম ফাউন্ডেশন শিশু স্বাস্থ্য, শিশুর জীবনমান উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে শিক্ষায় আগ্রহ তৈরি করা, এতিমখানা পরিচালনাসহ নানাবিধ সমাজসেবা মূলক কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করে আসছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
