নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আবদুর রাজ্জাক।
রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে ড. আবদুর রাজ্জাকের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রুয়েটের উপাচার্য পদ থেকে অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এর পর থেকে নিয়মিত উপাচার্য ছাড়াই চলছিল রুয়েটের কার্যক্রম। এর মাঝে, ডিনদের সর্বসম্মতিক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
