মিথ্যা মামলা থেকে খালাস, ৭ বছর পর স্বপদে ২ শিক্ষক

কুড়িগ্রামঃ ভূরুঙ্গামারীতে ৭ বছর পর চাকুরী ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষক। বিগত ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারি জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই ২ শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি সাজানো নাশকতার মিথ্যা মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এ ঘটনার পরদিন ২২ ফ্রেব্রুয়ারি ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ ওই ২ শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর-২০২৪ তারিখে খালাসের আদেশ দেয়। পরে সকল প্রক্রিয়া শেষে সোমবার (২১ অক্টোবর) এই ২ শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন।

তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাবার পর ওই ২ শিক্ষক সোমবার চাকুরীতে যোগদান করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.