এইমাত্র পাওয়া

দ্রুত উপাচার্য নিয়োগের দাবি রুয়েট শিক্ষার্থীদের

রাজশাহী: ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) উপাচার্য পদত্যাগ করেন ৷ উপাচার্যের পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তারিফ উদ্দিন। জুলাই বিপ্লবের ২ মাস পেরিয়ে গেলেও এখনো নিয়মিত উপাচার্য পায়নি রুয়েট। এতে উপাচার্য শূণ্যতায় ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম।

তাই দ্রুত সময়ের মধ্যে নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে রুয়েটের শিক্ষার্থীরা। আজ রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে রুয়েটের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ভিসি না থাকায় তাদের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাড়ছে সেশনজট। তাই দ্রুত এমন একজন উপাচার্য চান তারা, যিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন। 

মানববন্ধনে রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাঈন উদ্দিন বলেন, ‘রুয়েটে স্বৈরাচারের দোসরদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে আমরা রুয়েটিয়ানরা তা মেনে নিব না। আমরা রুয়েটের মধ্য থেকে এমন একজনকে ভিসি হিসেবে চাই যিনি ছাত্রবান্ধব হবেন এবং যার সাথে ছাত্রদের মাঝে ব্যারিয়ার থাকবে না।’

যন্ত্রকৌশল বিভাগের একই সেশনের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত দুর্জয় বলেন, ‘ভিসি না থাকায় আমাদের একাডেমিক কার্যক্রম ঠিক মতো হচ্ছে না। পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো আটকে আছে। এতে আমরা আবাসিক সংকটেও ভুগছি। তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে রুয়েটে নিয়মিত উপাচার্য নিয়োগ দেওয়া হোক এবং তিনি যেন অবশ্যই শিক্ষার্থী বান্ধব হয়।’

উল্লেখ্য, গত ৩১ আগস্ট রুয়েট উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তারিফ উদ্দিনকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.