নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এই কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২১ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের খাস কমিটির বৈঠকে নেতারা এসব কথা বলেন। বাদ জোহর রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়ায় এ অনুষ্ঠিত বৈঠক হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মামুনুল হককে সেক্রেটারি করে হেফাজতের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরী ঘোষিত ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়েছে। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন ও বিয়োজন করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে জাতীয় পাঠ্যপুস্তকের অসঙ্গতি ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সোচ্চার ছিলেন। অথচ নতুন বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে আলেম সমাজকে বঞ্চিত করে আবারও বিতর্কের পথ বেছে নেওয়া হলো। আলেমবিহীন এই বৈষম্যমূলক কমিটি আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।’
হেফাজতের নেতারা বলেন, শেখ হাসিনা এ দেশের শিক্ষাব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিলেন। এমনকি দেশের তরুণ প্রজন্মকে ভারতের অনুগত করে গড়ে তোলার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পাঠ্যপুস্তকে মুসলিমবিদ্বেষী হিন্দুত্ববাদী বয়ান ও ইতিহাস ঢোকানো হয়। এ বিষয়ে দেশের ওলামায়ে কেরাম তখন উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়ে জনসচেতনতা তৈরি করেছিল। পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী কিছু কনটেন্ট এখনো বিদ্যমান। সে কারণে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে বিজ্ঞ আলেমের উপস্থিতি অপরিহার্য। তাই ওই কমিটিতে অতিসত্বর একাধিক প্রসিদ্ধ বিজ্ঞ আলেমকে অন্তর্ভুক্ত করে শিক্ষা সংস্কার কমিটি পুনর্গঠন করার জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি জোর দাবি জানানো হয়।
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন হেফাজতের নেতারা। তারা বলেন, ‘বৈষম্যমুক্ত একটি দেশের জন্যই আমরা সবাই লড়াই করেছি। নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য ও বঞ্চনা চাপিয়ে দেওয়ার সুযোগ আর নেই। আমরা ওলামায়ে কেরাম অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। দেশের এই ক্রান্তিকালে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমাদের বঞ্চিত করার দুঃসাহস দেখালে তার পরিণতি ভালো হবে না।’
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে খাস কমিটির বৈঠকে মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির আব্দুল হামীদ, জসিম উদ্দীন, সালাহ উদ্দীন নানুপুরী, আব্দুল আওয়াল, মাহফুজুল হক, মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদেরসহ অনেকে অংশ নেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল