এইমাত্র পাওয়া

পাবনায় কলেজ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

পাবনা: জেলার শহীদ এম মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খানকে অপসারণ দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। এ সময় বিক্ষোভ-মিছিল ও মানবন্ধন করে ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় কলেজের প্রধান ফটকে মানববন্ধন করেন তারা।

পরে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবি করে নানা স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, গত ১২ বছর ধরে কলেজের উপাধ্যক্ষ আব্দুস সামাদ খান আওয়ামী লীগের পরিচয়ে অবৈধভাবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করে আছেন। তার পদ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ ঘোষণা করলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবে তিনি তা তোয়াক্কাই করেননি।

স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বর্তমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাতক থাকায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মাখসুদা আক্তার খুশি, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মোমিনসহ আরো অনেকে। এ সময় সেখানে উপস্থিত ছিল শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি শতাধিক কর্মচারী ও এলাকাবাসী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.