নিজস্ব প্রতিবেদক।।
পেঁপে চাষে ভাগ্য বদলেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাটের কৃষক হেলাল উদ্দিনের। দুই বছর আগে স্থানীয় আব্দুর রসীদ নামে এক যুবকের পরামর্শে ১৬ শতাংশ জমিতে ‘টপলেডি’ জাতের পেঁপে দিয়ে চাষাবাদ শুরু করেন।
সে সময় ১৪ হাজার টাকা খরচে লাভ হয়েছিল লক্ষাধিক টাকার ওপরে। বর্তমানে ১৭০ শতাংশ জমিতে পেঁপে চাষ করছেন হেলাল। যা থেকে বছরে ২০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি।
শুক্রবার (৩০ আগস্ট) সরেজমিনে হেলালের পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, পাঁচ মাস বয়সী প্রতিটি গাছে থোকায় থোকায় পেঁপে ঝুলে আছে। মাটি থেকে গাছের আগা পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে।
চাষি হেলাল বলেন, প্রতিটি গাছে এক মন থেকে আড়াই মন পর্যন্ত পেঁপে আছে। আর একেকটি পেঁপের ওজন এক থেকে তিন কেজি পর্যন্ত। এসব পেঁপে পাকতে শুরু করলে গাছ থেকেই বিক্রি করব। কারণ কাচা পেঁপের চেয়ে পাকা পেঁপে বিক্রিতে তিনগুণ বেশি লাভ।
তিনি আরও বলেন, পাকা পেঁপে পাইকারি প্রতি কেজি আমরা ৩৫-৪০ টাকা দরে বিক্রি করি। এতে একটি গাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।
রংপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, হেলালের সফলতা দেখে বালারহাটের শতাধিক কৃষক পেঁপে চাষে ঝুঁকছেন। এ বছর জেলায় ২০০ হেক্টর জমিতে পেঁপের চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২-১৫ হাজার মেট্রিক টন। সম্ভাবনা থাকায় পেঁপে চাষে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শসহ যাবতীয় সহায়তা করা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
