শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কে এই ওয়াহিদউদ্দিন মাহমুদ

ওয়াহিদউদ্দিন মাহমুদ নোয়াখালী জেলায় ১৯৪৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সালেহা খাতুন ছিলেন গৃহিণী। তিনি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশুনা করেন।

১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পরের বছর তিনি তৎকালীন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

১৯৭২ থেকে ১৯৭৭ সালের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। ১৯৮৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন। তিনি ড. মুহাম্মদ ইউনূসের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও ১০ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে ওয়াহিদউদ্দিন মাহমুদ লন্ডন স্কুল অব ইকোনমিক্স ভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার ও জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য। এছাড়াও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান।

এভাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

আর মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেওয়া হয়েছে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। সেগুলো হলো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়।

লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রি. জেনারেল সাখাওয়াত হোসেন। তার দপ্তর পরিবর্তন করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর নতুন করে সরকারে যুক্ত হওয়া আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, এদিন বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তর পুনবণ্টন করা হয়েছে। তাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে পূর্বের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আদিলুর রহমানকে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; রিজওয়ানা হাসানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়; নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ফারুক-ই- আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; এবং ব্রি. জেনা. সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, অন্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.