পদত্যাগ করলেন নানা অনিয়মের ‘হোতা’ সেই অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ খুলনার কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত সমালোচিত কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করলে এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এই অধ্যক্ষের বিরুদ্ধে এর আগে শিক্ষাবার্তা’য় একাধিকবার অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। একাধিকবার তদন্তে সত্যতাও মেলে।তার পরও বিভিন্ন মহলকে ম্যানেজ করে বহাল ছিলেন এই অধ্যক্ষ।

আরও পড়ুনঃ

জানা যায়, সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা কয়রা সদরে অবস্থিত কয়রা দাখিল মাদরাসার সামনে অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেন।শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগ করেন তিনি।

কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো পদত্যাগপত্রে লেখেন, ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি স্বেচ্ছায় অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করছেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট এক দফা এক দাবি জানিয়ে অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও ছাত্রছাত্রীদের নানা হয়রানির প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.