চট্টগ্রামঃ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ আগস্ট থেকে দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও সহসাই খুলছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী রবিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তবে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৯ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৫২তম সভায় গৃহীত সিদ্ধান্ত ‘১’ অনুসারে আবাসিক হলের সিট বরাদ্দ কার্যক্রম এবং ১৯ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
তাছাড়া এতে আরও বলা হয়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে এবং উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশ না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।
জানতে চাইলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের কার্যত কোন প্রশাসন না থাকায় খুলবে না বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমির কার্যক্রম শুরু করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে গতকাল রাতে সেটা স্থগিত করা হয়েছে।
রেজিস্ট্রার আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসা পর্যন্ত এর একাডেমিক কার্যক্রম চালু হবে না। নতুন প্রশাসন নিয়োগের পরেই তারা সিদ্ধান্ত নিবে কখন বিশ্ববিদ্যালয় খুলবে।
কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন নিয়োগ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো তথ্য আসেনি, আমরা কিছুই জানি না।
এর আগে, গত সপ্তাহের বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। ১৭ আগস্ট আবাসিক হলের আসন বরাদ্দ দেওয়া হবে। হল খুলবে ১৮ আগস্ট।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
