‘চাপিয়ে দেওয়া’ নতুন কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীঃ নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগের সৃজনশীল শিক্ষাব্যবস্থার চেয়ে নতুন চাপিয়ে দেওয়া কারিকুলাম শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। একদিকে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। অন্যদিকে তারা বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হচ্ছে। মেধা যাচাই-বাছাইয়ে পরীক্ষাও নেই। মূল্যায়নপদ্ধতিও ভালো নয়। সাংকেতিক চিহ্ন ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এটি সরকার হুট করে চাপিয়ে দিয়েছে। তাঁদের কোনো পূর্বপ্রস্তুতিও ছিল না। এভাবে তাঁরা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দিতে পারেন না। নতুন সরকারকে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

মানববন্ধনে অভিভাবক শায়লা আহমেদ বলেন, সঠিক মূল্যায়ন না থাকায় তাঁদের ছেলেমেয়েরা সেভাবে পড়াশোনায় উৎসাহিত হচ্ছে না। শিক্ষার্থীরা আসলেই শিখছে না কিছু। যে শিক্ষাব্যবস্থা এখানে আনা হয়েছে, তা উন্নত দেশের। এ দেশের শ্রেণিকক্ষগুলোতে ৬০ থেকে ৯০ জন পর্যন্ত শিক্ষার্থী থাকে। একজন শিক্ষকের পক্ষে কিছু শেখানো কঠিন। দলীয় কাজগুলো সঠিকভাবে হচ্ছে না। শহরে যেটা তাঁদের ছেলেমেয়েরা পাচ্ছে, গ্রামের অবস্থা আরও করুণ। তাই ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। যেহেতু সবকিছু সংস্কারের কথা শোনা যাচ্ছে, তাই গুরুত্বপূর্ণ শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থীবান্ধব করে তুলতে হবে।

বর্তমানে যেসব বই আছে, সেগুলোতে পড়ার মতো কিছু নেই বলে অভিযোগ করেন সানজিদা সুলতানা নামের এক অভিভাবক। তিনি বলেন, এভাবে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের ধ্বংস করা হচ্ছে। আগের সৃজনশীল পদ্ধতির শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনা হোক। নতুন সরকারের কাছে তাঁদের এ আহ্বান।

মানববন্ধনে আসা কয়েকজন শিক্ষার্থী বলে, তারা নতুন শিক্ষাক্রমের কিছুই বোঝে না। তাদের শিক্ষকেরাও বোঝেন না। তারা চায়, সবচেয়ে ভালো শিক্ষা কারিকুলাম। যেটা শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য ভালো হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.