এইমাত্র পাওয়া

দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র-জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতা করেন খালেদা জিয়া। তিনি বলেন, ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ প্রথম সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এর মধ্য দিয়ে সাত বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি।

খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামর মধ্য দিয়ে ফ্যাসীবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। প্রতিশোধ-প্রহিসংতা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.