বাস সেবা চালু না করলে স্কুল বন্ধ করে দেব: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‌অনেক স্কুল একটি বাচ্চার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা নিচ্ছে। কিন্তু তারা কোনো বাসের ব্যবস্থা করছে না। আবাসিক এলাকায় স্কুলগুলোর কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। সময় এসেছে স্কুলবাস চালু করার। পর্যায়ক্রমে সবগুলো স্কুলে বাস চালু করা হবে। বাস চালু না করলে আমরা স্কুলগুলো বন্ধ করে দিতে বাধ্য থাকব।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ছাত্র-ছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুলবাস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, যানজট নিরসনে বিভিন্ন স্কুলে বাস সেবা চালুর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি করপোরেশন। সেজন্য বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। স্কুলগুলো বলছে, কোনো একটা স্কুলে বাস চালুর পর কী হয় তা দেখতে চায় তারা। আমরা এটা শুরু করতে পারছিলাম না। দফায় দফায় বৈঠক করতে হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে, ডিএমপির সঙ্গে কথা হয়েছে। আমরা প্রত্যেকটি স্কুলের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে চালু হওয়ার পর তারা দেখতে চায়। আমরা তো চালু করে দিয়েছি।

সব শিক্ষার্থীর বাসার ঠিকানা অনুযায়ী বাসের রুট নির্ধারণ করা হবে জানিয়ে মেয়র আতিক বলেন, রাইড শেয়ারিংয়ের মাধ্যমে একটি বাসে নির্দিষ্ট রুটের স্কুলগুলোর শিক্ষার্থীরা যাতায়াত করবে। এর ফলে খরচ অনেক কমে আসবে।

তিনি বলেন, বিআরটিসির পুরাতন তিনটি বাস দিয়ে এই সার্ভিস উদ্বোধন করা হলো। বাসগুলো কতটা নিরাপদ হবে, এমন প্রশ্নের উত্তরে মেয়র আতিক বলেন, ছাত্ররা যেসব মাইক্রোবাসে গাদাগাদি করে আসতো, এর থেকে শতভাগ নিরাপদ এই বাস। আমরা পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়াব।

তিনি আরো বলেন, সিটি করপোরেশন একটি যুগান্তকারী কাজ শুরু করেছে। তারা বাস সার্ভিস চালু করেছে এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক অর্থ ভর্তুকি হিসেবে দিচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে বলব, কীভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এই সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে কাজ করুন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.