নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাঠ্য বইয়ের মান নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই বছরের মধ্যে মানের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে ২০২৬ সাল থেকে একটি নির্দিষ্ট মানের বই প্রদানের বিষয়টি নিশ্চিত করা হবে। কিছু মুনাফা লোভী মানুষ বইয়ের মান খারাপ করে জানিয়ে মন্ত্রী বলেন, এটি পাপের সমতূল্য।
রবিবার (৩০ জুন) রাজধানীর সেগুনবাগিচায় এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, সিলেট বিভাগ ব্যতীত এবারে এইচএসসি পরীক্ষায় মোট ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন, মাদরাসা বোর্ড থেকে ৭ লাখ ৮৮ হাজার ৪৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ১০ হাজার ১৯জন পরিক্ষার্থী ছিল। এদের মধ্যে প্রথমদিন এইচএসসি পরীক্ষায় ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন, মাদরাসা বোর্ডে ৭ লাখ ৫৮ হাজার ৫৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৭৭৪ জন অংশ নিয়েছে। এ সময় ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষার নেয়ার লক্ষ্য রয়েছে। এজন্য দ্রুততম সময়ে নতুন বই দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। মূল্যায়ন পদ্ধতি নিয়েও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। নতুন কারিকুলামে তাড়াহুড়ো করার সুযোগ নেই বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, সার্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে আরও পর্যালোচনা করা যায় কি না তা দেখা হবে। তবে, এটি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
