এইমাত্র পাওয়া

সকাল থেকে ঢাকায় বৃষ্টি, বিপাকে অফিসগামীরা

নিজস্ব প্রতিবেদক।।

সকালেই ঢাকা ভিজেছে বৃষ্টিতে। অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে। এতে সড়কে যানবাহন চলাচল কমে যায়। এই সুযোগে রিকশাভাড়া হয়ে যায় দ্বিগুণ। বাধ্য হয়ে কেউ কেউ ভিজে ভিজে গন্তব্যে যান।

আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বর্ষণ হবে। ভোর থেকেই ঢাকার আকাশ ছিল কিছুটা মেঘলা। এতে বেলা বাড়লেও সূর্যের তেজ বাড়েনি।

বৃষ্টি শুরু হওয়ার পর সবাই ব্যস্ত হয়ে গন্তেব্যে ছুটছেন। শিক্ষা ভবনের সামনে থেকে ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস বিজয়

এরমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নামে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে মানুষজন পড়েন বিপাকে। বিশেষ করে, যারা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে হেঁটে, বাইকে বা রিকশায় বের হয়েছেন তারা মাঝ রাস্তায় আটকে পড়েন।

এমন অবস্থায় পথাচারী, ছিন্নমূল মানুষ অনেকে আশ্রয় নেন মেট্রোরেলের পিলারের নিচে। এসময় সেখানে আশ্রয় নেন চা-সিগারেট বিক্রেতারাও। অনেককে সময় পার করতে চা-সিগারেট পান করতে দেখা যায়। এতে খুশি বিক্রেতারা।

বৃষ্টি শুরুর পর মেট্রোরেলের পিলারের নিচে আশ্রয় নিয়েছেন অফিসগামী মানুষ, বাইকার ও পথচারীরা। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়

বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে রিকশাচালকরা বাড়তি ভাড়া চেয়েছেন। নাফিউর নামে এক যাত্রী বলেন, বৃষ্টির কারণে ৩০ টাকার ভাড়া ৫০ টাকা দিতে চেয়েছি, কিন্তু রিকশাচালক চাচ্ছে ৮০ টাকা।

এমন অবস্থায় অনেকেই ভিজে ভিজে গন্তব্যের পথে যাত্রা করেছেন। ঝুম বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটা কমে গেছে।

ঝুম বৃষ্টিতেও শিক্ষা ভবনের সামনে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়

এসবের মাঝেও দায়িত্ব পালন করতে হয়েছে ট্রাফিক পুলিশের সদস্যদের। ছাতা মাথায় নিয়েই সিগন্যালে সিগন্যালে যানবাহন সামলিয়েছেন তারা। পুলিশ সদস্য হাফিজ জানান, ঝড়, বৃষ্টি কিংবা রোদ- রাস্তায় শৃঙ্খলা রাখতে কাজ করতে হয়। একটু সরে গেলেই সব গাড়ির জট লেগে যায়। সবসময় পর্যবেক্ষণ করতে হয়। এজন্য অটোমেটিক সিগন্যাল সিস্টেমের অভাবের কথা জানান পুলিশের এ সদস্য।

শিক্ষাবার্তা ডটকম/জামান/২৬/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.