নিয়োগে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন প্রধান শিক্ষক!

ময়মনসিংহ: জেলার ভালুকায় শামলা শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হোজ্জাতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই স্কুলের দাতা ও প্রতিষ্ঠাতার বড় ছেলে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. শাহজাহান মিয়া জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের শামলা শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হোজ্জাতুল ইসলাম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. এমরান মিয়ার যোগসাজশে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে অভিযোগকারী তা জানতে পারেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেন। কিছুদিন পর পুনরায় তারা ৪টি পদে নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন লোকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

বিষয়টি জানাজানির পর গত ১১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সঠিক সময় বা সঠিক নিয়মে না করে গড়িমসি করছে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হোজ্জাতুল ইসলাম। বিধিমোতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন না করে গড়িমসি করে সময় অতিবাহিত করছেন।

এসব বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হোজ্জাতুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ঝিল্লুর রহমান আনম জানান, ‘এ বিষয়ে সরেজমিনে তদন্ত করতে আমরা খুব তাড়াতাড়ি স্কুল পরিদর্শনে যাবো। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.