বিদ্যালয়ের পুকুরের মাটি ভাটায় বিক্রি

টাঙ্গাইল: জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ (বিসিআরজি) উচ্চ বিদ্যালয়ের পুকুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু তুলে বিক্রি করা হচ্ছে। হুমকির মুখে পড়েছে দেলদুয়ার-কালামপুর আঞ্চলিক মহাসড়কসহ স্কুল ও খেলার মাঠ।

এসব ঘটনায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয় কফিল উদ্দিন, কাদের খান ও শামীম খান।

জানা গেছে, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়-সংলগ্ন প্রায় ৩ একর আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরটি সংস্কারের নামে প্রথম দিকে খনন কাজ শুরু করে। মাঠ ভরাট করার অজুহাতে সামান্য কিছু মাটি ফেলে। এরপর থেকে মাটি তুলে ইটভাটা, নিচু বাড়ি ও ছোট জলাশয় ভরাটের জন্য বিক্রি করা হচ্ছে। বিক্রির টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যের যোগসাজশে আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয় ওবায়দুর রহমান বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে স্কুল প্রাঙ্গণ, খেলার মাঠ, মহাসড়ক ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। কিন্তু মাটিখেকোরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করছেন না।

প্রধান শিক্ষক শামীম হুদার ভাষ্য, স্কুলের প্রয়োজনে ড্রেজার (খননযন্ত্র) বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। মাটি বিক্রির টাকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় করা হচ্ছে। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনোভাবেই বালু তুলতে পারবেন না।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.