নিজস্ব প্রতিবেদক।।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন পদে কর্মচারী নিয়োগে দুই পদের প্রার্থীদের অনুপস্থিত দেখা গেছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেনের উপস্থিতিতে নিয়োগ পরীক্ষায় বিদ্যালয়টিতে তিনটি পদের মধ্যে শুধু একটি পদে নিয়োগ সম্পন্ন হয়। এদিকে বিদ্যালয়টিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়।
এসবের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. শাহাদাত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য আরব আলী ও শহিদুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকজন সদস্য সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ দেওয়ায় নিয়োগে আমাদের মৌখিক দাওয়াতও দেননি তাঁরা। নিয়োগে তাঁরা দুর্নীতি করার পাঁয়তারা করছিলেন।’
নিয়োগ কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়োগবিধি মেনেই আয়া পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে নিয়োগ কমিটি। আর কাঙ্ক্ষিত পরীক্ষার্থী উপস্থিত না হওয়ায় ল্যাব সহকারী ও পরিচ্ছনতাকর্মী পদ শূন্য ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন বলেন, তিনটি পদের মধ্যে একটি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বাকি দুটি পদে প্রয়োজনীয়সংখ্যক প্রার্থী উপস্থিত না হওয়ায় পদ দুটি শূন্য ঘোষণা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৫/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
