এইমাত্র পাওয়া

আন্দোলন করলে বাতিল হতে পারে মাধ্যমিক শিক্ষকদের এমপিও!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিখন ঘাটতি ঠেকাতে সাপ্তাহিক ছুটির একদিন শনিবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সরকারি নির্দেশ মানতে চান না কিছু কিছু শিক্ষক। তাই প্রতিবাদ জানিয়ে আগামী শনিবার (১১ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করার আহ্বান জানিয়েছেন তারা। ‘বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির’ ব্যানারে এই কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতি শনিবারই কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

তবে এই কর্মসূচি পালন করবে না অনেক শিক্ষা প্রতিষ্ঠান। অন্তত রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজসহ নামিদামি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা অমান্য করার কোনও সুযোগ নেই।

শিক্ষা প্রশাসন বলছে, সরকারি আদেশ না মানলে এই ইস্যুতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলন করা শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এমপিও স্থগিত বা বাতিল করা হবে। শিক্ষকরা প্রতিষ্ঠান ফাঁকি দিয়ে আন্দোলনে নামলে প্রতিষ্ঠান প্রধানেরও এমপিও স্থগিত বা বাতিল হতে পারে।

আগামী শনিবার সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মবিরতি কর্মসূচি পালনের আহ্বান জানান বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন গণমাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তি দেন।

মোহাম্মদ ইয়াছিন  বলেন, ‘আগামী শনিবার (১১ মে) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। কিন্তু এক ঘণ্টা কর্মবিরতি পালন করবো। সরকার যদি আমাদের বিষয়টি আমলে না নেয় তাহলে প্রতি শনিবার পুরো দিন কর্মবিরতি পালন করা হবে। আর সরকার যদি বিষয়টি সুরাহা না করে তাহলে পরবর্তী শনিবারগুলোয় পুরোপুরি কর্মবিরতি পালন করবো। তবে কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

সরাসরি সরকারের আদেশের বিরুদ্ধে অযৌক্তিকভাবে আন্দোলন করলে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও বাতিল হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। শিক্ষার্থীদের ক্ষতির মধ্যে রেখে শিক্ষকরা যদি আন্দোলন করেন তাহলে মন্ত্রণালয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে। সেক্ষেত্রে শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বাস্তবায়নকারী সংস্থা শিক্ষার তিন অধিদফতর। নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও স্থগিত করা হবে। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব অবহেলার কারণে এমপিও বাতিল হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হয়নি। শিখন ঘাটতি পূরণে আপাতত যে কয়দিন শনিবার ক্লাস করানো দরকার সে কয়দিন ক্লাস করানো হবে। ফলে শিক্ষক না বুঝে আন্দোলন করলে তা রাজনৈতিকভাবে ব্যবহার হবে। আর নতুন কারিকুলামের বিরোধিতায় অনেকেই শুরু থেকে লেগে আছে।’

শিক্ষাবার্তা/জামান/০৮/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.