এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক কারাগারে

যশোরঃ জেলার চৌগাছায় এক মাদরাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২৮ মার্চ) ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার (২৭ মার্চ) রাতে চৌগাছার কয়ারপাড়া হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, শিশুটিকে মাদরাসা শিক্ষক একের পর এক বেত্রাঘাত করছেন। এমনকি লাথিও মারছেন। এ সময় শিশুটি বারবার শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে।

ভুক্তভোগী ১৩ বছর বয়সী সোনানুর রহমান সাজিদ জানান, মোবাইল ফোনে এসএমএস দেয়া নিয়ে তার ওপর ক্ষিপ্ত হন কয়রাপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক আখতারুজ্জামান। ক্ষিপ্ত হয়ে তিনি তাকে বেধড়ক পেটান।

এদিকে, নির্যাতনের এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।সাজিদের বাবা আলী আকবর বলেন, নির্মমভাবে নির্যাতনের কারনে ছেলের শরীরের বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছে।

এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কমে/এএইচএম/২৯/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.