এইমাত্র পাওয়া

জামিন পাননি শিক্ষক দীন ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাছরিন জাহান তাঁর জামিন নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নুরুর রহমান। তিনি জানান, গত ২০ মার্চ জামিন আবেদন করে দ্বীন ইসলামের আইনজীবী। তখনও তার আবেদন নামঞ্জুর করা হয়।

আদালত ও পুলিশ সূত্র জানায়, গত ১৫ মার্চ রাতে কুমিল্লা নগরের উত্তর বাগিচাগাঁও এলাকার ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যার আগে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি মৃত্যুর জন্য জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন।

ঘটনার পরদিন অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ডিএমপি এ মামলায় ওই দুই জনকে গ্রেপ্তার করে ১৭ মার্চ কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন এ মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী আম্মানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে উভয় আসামি কুমিল্লা কারাগারে আছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.